বছরের শেষ প্রান্তে এসে বলিউডে আবারও দুঃসংবাদের ছায়া। একের পর এক তারকাদের দুর্ঘটনার খবরের মধ্যেই এবার শুটিং সেটে আহত হয়েছেন অভিনেতা ইমরান হাশমি।

রোববার (২১ ডিসেম্বর) রাজস্থানে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপান ২’-এর শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি। গণমাধ্যমের তথ্যমতে, উঁচু একটি লোকেশনে দৃশ্যধারণের সময় তার পেটে আঘাত লাগে, এতে পেটের পেশিতে চোট পান অভিনেতা।

ঘটনার পর সেটেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আশ্চর্যের বিষয়, চিকিৎসা শেষে আবারও শুটিংয়ে ফিরে যান ইমরান। কাজের প্রতি তার এই নিষ্ঠা প্রশংসা কুড়ালেও, স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ইমরান হাশমির আহত হওয়ার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন অনুরাগীরা।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’ চলতি বছরের মার্চে ইমরানের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।