চিত্রনায়ক রিয়াজের আসলে কী হয়েছে, যা জানাল পরিবার

নিজস্ব প্রতিবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার হঠাৎ করে নায়ক রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দিনভর নানা পোস্টে তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। তবে পরে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে রিয়াজ জীবিত ও সুস্থ আছেন।
রিয়াজের স্ত্রী এক সংবাদমাধ্যমকে জানান, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “রিয়াজ ভালো আছেন, সুস্থ আছেন। মৃত্যুর খবরটি একেবারেই গুজব।”
মূলত গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রিয়াজ প্রকাশ্যে দেখা না যাওয়ায় এবং দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ থাকায় এমন গুজব আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় চলচ্চিত্র অঙ্গন বা শিল্পী সমিতিও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি।
ঢালিউডের এই জনপ্রিয় নায়ক সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেন এবং গত জুলাই–আগস্টের আন্দোলনের সময় সরকারপন্থী অবস্থান নেন। তবে ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর থেকেই তিনি সব ধরনের যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে নেন।
নব্বইয়ের দশকে ঢালিউডে অভিষেকের পর টানা দুই দশক দর্শকপ্রিয়তা ধরে রাখা রিয়াজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘অপারেশন সুন্দরবন’ (২০২২)।

নুসরাত জাহান
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









