ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ১৯৭৯ সালে ইরানে রাজতন্ত্র যেভাবে ভেঙে পড়েছিল, তেমনি ‘অহংকারী’ ট্রাম্পও একদিন পতনের মুখে পড়তে পারেন। শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি—যা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

দেশজুড়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে খামেনি সরাসরি ট্রাম্পের সমালোচনা করেন। বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। তিনি ট্রাম্পকে নিজের দেশের অভ্যন্তরীণ সংকটের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

খামেনির অভিযোগ, কিছু উসকানিদাতা সরকারি সম্পদ ধ্বংস করে বিদেশি শক্তিকে তুষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে ইরান দৃঢ় অবস্থানে থাকবে এবং কখনোই চাপের কাছে নত হবে না।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। উভয় পক্ষের এমন কড়া বক্তব্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।