ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডিবির গ্রেপ্তারের বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় শামীমা নাসরিন ও রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২২ সালে পৃথক সময়ে তারা জামিনে মুক্তি পান—এপ্রিল মাসে শামীমা নাসরিন এবং ডিসেম্বর মাসে মোহাম্মদ রাসেল।