স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় একসাথে কাজ করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। সব প্রত্যাশা একসঙ্গে পূরণ নাও হতে পারে, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আওয়ামী ফ্যাসিবাদের পতনের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিশোধ ও বিদ্বেষ কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা ৫ আগস্ট দেশবাসী দেখেছে। তিনি জানান, ওই সময়ের নৃশংসতার স্মৃতি আজও তাকে তাড়িত করে এবং সে কারণেই আগের সেই বাস্তবতায় ফিরে যেতে চান না।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, সাংবাদিক ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির একাধিক নেতা এতে অংশ নেন।
দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। পাঁচ দিন পর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এরপর গত শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তাকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

Siam Islam
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








