সিলেট শহরের লামাবাজার এলাকায় নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে লামাবাজারের ছায়ানীড় এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।


মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের বাসিন্দা ছিলেন। তিনি নগরীর কাজিটুলা এলাকার 'কিডস ক্যাম্পাস' স্কুলে শিক্ষকতা করতেন এবং তার মায়ের সঙ্গে লামাবাজারের ওই বাসায় থাকতেন।


ঘটনার দিন বিকেলে মিলি দে’র মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে তিনি ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা মিলি দে'র ঝুলন্ত মরদেহ দেখতে পান।


পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয় এবং পুলিশ তদন্ত করছে।