পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বিকল্প পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে, বিকল্প দল হিসেবে বাংলাদেশকে ফের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। সে কারণেই বাংলাদেশকে আপাতত ‘স্ট্যান্ডবাই’ তালিকায় রাখা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেছেন এবং জানিয়েছেন, আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান পুরো টুর্নামেন্ট বর্জন করার সম্ভাবনা কম। কারণ, তারা জানে—পাকিস্তান সরে গেলে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশকে গ্রুপ ‘এ’-তে অন্তর্ভুক্ত করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হবে, যা লজিস্টিক দিক থেকেও তুলনামূলক সহজ।

সূত্রটি আরও জানায়, এই ব্যবস্থায় আইসিসিকে বাংলাদেশের আগের নিরাপত্তা উদ্বেগ সংক্রান্ত অবস্থান আলাদাভাবে মেনে নিতে হবে না। বরং এটি পাকিস্তানের সরে দাঁড়ানোর ফল হিসেবে উপস্থাপন করা যাবে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছিল আইসিসি। সেই সিদ্ধান্তের পর থেকেই টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা চলছে।

এখন সব নজর পাকিস্তানের সিদ্ধান্তের দিকে। তারা সরে দাঁড়ালে, খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে—এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।