আইপিএলে মুস্তাফিজকে ৯.২ কোটি রুপিতে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ক্রীড়া | নুসরাত জাহান
আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন ত্রিপুরার মহারাজা ও তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা।
তার অভিযোগ, বিদেশি ক্রিকেটারদের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেধাবী খেলোয়াড়রা নিয়মিতভাবে উপেক্ষিত থেকে যাচ্ছেন। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের নীতির সমালোচনা করে বলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও ত্রিপুরা ও আশপাশের অঞ্চলের খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না।
মণিশংকর মুরাসিংয়ের মতো ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, মেধা থাকা সত্ত্বেও কেন তারা নজরের বাইরে থাকছেন। প্রদ্যোতের মতে, উত্তর-পূর্ব ভারতের বহু প্রতিভা যথাযথ পর্যবেক্ষণ ও সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, একজন বিদেশি ক্রিকেটার যখন কোটি টাকার চুক্তি পান, অথচ স্থানীয় খেলোয়াড়রা অবহেলিত হন, তখন ভারতীয় হিসেবে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, এমন প্রেক্ষাপটেও আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করা কতটা যুক্তিসংগত, তা ভেবে দেখা দরকার। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভারতের নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন।
সবশেষে বিসিসিআইকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা উল্লেখ করে প্রদ্যোত কিশোর বলেন, জাতীয় সম্মান ও নিরাপত্তা বনাম ব্যবসায়িক স্বার্থ এই বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে।










