বিপিএলে রাজশাহীর হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন কেন উইলিয়ামসন

ক্রীড়া | Siam Islam
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম খেলতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন এই তারকা ব্যাটার। তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ।
এর আগে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঙ্গিত দিয়েছিলেন, কোয়ালিফায়ার–১ এর পরপরই উইলিয়ামসন দলে যোগ দেবেন। শান্তর সেই প্রত্যাশা অনুযায়ী আজ সকাল প্রায় ১০টার দিকে ঢাকায় এসে নামেন তিনি।
রাজশাহী কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই উইলিয়ামসনের সঙ্গে যোগাযোগ রাখছিল। পরিকল্পনা ছিল কোয়ালিফায়ার–১ এর আগেই তাকে দলে নেওয়ার, তবে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। সম্প্রতি ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ২০ লিগ শেষ করেন উইলিয়ামসন, এরপরই বিপিএলের জন্য সময় বের করতে পেরেছেন।
এসএ২০ আসরে তার পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মতো ছিল না। প্রথম ম্যাচে ৪০ রান করলেও পরের ম্যাচগুলোতে তার ব্যাট তেমন কথা বলেনি। এবার রাজশাহীর জার্সিতে সেই হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য থাকবে তার।
দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়েই বিপিএলে অভিষেক হতে যাচ্ছে উইলিয়ামসনের। আজ সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ জিততে পারলে রাজশাহী ওয়ারিয়র্স জায়গা করে নেবে ফাইনালে। বিপিএলের চলতি আসরে সবচেয়ে বড় তারকা হিসেবে কেন উইলিয়ামসনের নামই এখন আলোচনার কেন্দ্রে।










