বাংলাদেশের ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত এবং এর পরিপ্রেক্ষিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে রাখার আইসিসির সিদ্ধান্তে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসা পাকিস্তান এবার আরও কড়া অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বর্জনের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও জিও সুপার জানিয়েছে, পুরো টুর্নামেন্ট নয়—শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার বিকল্প নিয়েই বেশি আলোচনা চলছে।

সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। পিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে, প্রতিবাদের নানা কৌশল বিবেচনায় রাখা হয়েছে। প্রয়োজনে পুরো বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনার বাইরে নয়।

সূত্রগুলো আরও জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের মাধ্যমে আইসিসির ওপর আর্থিক ও সাংগঠনিক চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য। এতে দুই পয়েন্ট হারানোর সম্ভাবনা থাকলেও সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত মিলেছে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার (২২ জানুয়ারি) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকের পরই স্পষ্ট হবে—পাকিস্তান পুরো বিশ্বকাপে অংশ নেবে, নাকি শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। এদিকে, পাকিস্তান ইতোমধ্যে বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেছে।