আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও স্রিলাঙ্কার মাটিতে। কিন্তু ভারতে খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং জরুরি চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বোর্ড।

বিসিবির পক্ষ থেকে পাঠানো চিঠিতে মূলত খেলোয়াড়দের নিরাপত্তা এবং বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতাকে সফরের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়েছে। বোর্ড জানিয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রতিবেশী দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে; তাই বিসিবি কোনোভাবেই ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে ঝুঁকি নিতে আগ্রহী নয়। বিশেষ করে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা মুস্তাফিজুর রহমানকে যেখানে এই সফর থেকে বাদ দেওয়া হয়েছে, সেখানে পুরো দলকে পাঠানোর বিষয়টি জনমনে গভীর শঙ্কা ও প্রশ্নের সৃষ্টি করেছে।

বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে যে, বাংলাদেশ টুর্নামেন্ট বর্জন করছে না; বরং তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার ভেন্যুতে সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, খেলোয়াড়দের মানসিক স্বস্তি এবং শারীরিক নিরাপত্তাই বিসিবির কাছে এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের সূচিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। আইসিসি এখনো এই চিঠির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দিলেও ,তা নিয়ে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।