বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো তাসকিন

ক্রীড়া | Siam Islam
বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের জন্য চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হাঁটুর চোটের কারণে তিনি ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি এবং টুর্নামেন্টের বাকি অংশেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাসকিনকে একাদশের বাইরে রাখা হয়। ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, ফিজিওর পরামর্শে আপাতত তাকে বিশ্রামে রাখা হয়েছে। হাঁটুর সমস্যার কারণে বিস্তারিত পরীক্ষার জন্য তাসকিনকে ঢাকায় স্ক্যান করাতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, চোটটি গুরুতর নয় এবং আগেও একই ধরনের সমস্যার চিকিৎসা করা হয়েছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাত্র তিন সপ্তাহ বাকি থাকায় বিষয়টি বাড়তি উদ্বেগের জন্ম দিয়েছে। চোট দীর্ঘস্থায়ী হলে বিশ্বকাপে তার খেলা নিয়েও সংশয় তৈরি হতে পারে।
এই বিপিএলে পাঁচ ম্যাচে তিন উইকেট শিকার করেছেন তাসকিন, যদিও রান খরচ কিছুটা বেশি ছিল। তার মাঠে ফেরার সময় এখনো নিশ্চিত নয়। বিসিবি ও সংশ্লিষ্টরা রিপোর্টের অপেক্ষায় থাকলেও দ্রুত সুস্থ হয়ে তার ফেরার আশাই করছেন সবাই।










