ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন বদলে যেভাবে মেডিকেলে দেশসেরা হলেন শান্ত

শিক্ষা | নুসরাত জাহান
২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার সন্তান জাহাঙ্গীর আলম শান্ত। সরকারি বিজ্ঞান কলেজের এই শিক্ষার্থী ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষার ফল রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়। এ বছর মোট পাসের হার ছিল ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় শান্ত তার সাফল্যের জন্য সবার আগে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। পরিবারকে আনন্দ দিতে পারাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।
শান্তর শিক্ষাজীবনের শুরু নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলে। এসএসসি শেষে তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন। শুরুতে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকলেও পরে মেডিকেলের প্রতি আগ্রহ জন্মায়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও শৃঙ্খলার মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করেন।
প্রস্তুতির সময় মোবাইল ফোন ব্যবহার প্রায় বন্ধ রাখেন শান্ত। পড়াশোনার জন্য সকালবেলাকেই সবচেয়ে কার্যকর সময় হিসেবে বেছে নেন তিনি। ভর্তি প্রস্তুতির মাঝেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিছুদিন পড়াশোনা বন্ধ থাকলেও মানসিক দৃঢ়তায় তিনি আবার ঘুরে দাঁড়ান।
পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দেন শান্ত। ফল প্রকাশের পর তার ধারণাও সঠিক প্রমাণিত হয়। এই সাফল্যের পেছনে মা-বাবার দোয়া, বন্ধুদের সহযোগিতা এবং শিক্ষকদের অনুপ্রেরণার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।
ভবিষ্যতে ক্যান্সার বিশেষজ্ঞ বা অনকোলজিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন শান্ত। পাশাপাশি জুনিয়রদের উদ্দেশে তিনি পরামর্শ দিয়েছেন এইচএসসি পর্যায় থেকেই একাডেমিক প্রস্তুতি শক্তভাবে গড়ে তুলতে এবং সব কাজে আল্লাহর ওপর ভরসা রাখতে।










