জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

শিক্ষা | নুসরাত জাহান
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরীক্ষার অতিরিক্ত ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তাদের অভিযোগ ও প্রস্তাব পর্যালোচনার পর প্রশাসন অবশেষে ফি কমানোর উদ্যোগ নিয়েছে।
একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, ফি কমানোর বিষয়টি এখন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা আসবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে। ঘোষণার আগে কলেজ অধ্যক্ষ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
সূত্র আরও জানায়, যেহেতু চলমান পরীক্ষার জন্য অনেক শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে ফি পরিশোধ সম্পন্ন করেছেন, তাই নতুন সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফি হ্রাসের এই সিদ্ধান্ত কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, পাস কোর্স দ্বিতীয় বর্ষ এবং পরবর্তী পরীক্ষাগুলো থেকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের আর্থিক চাপ অনেকটা কমাবে এবং তাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে।










