ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক | Siam Islam
ইরানে চলমান তীব্র সরকারবিরোধী আন্দোলন ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রেখেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটি ব্রিটিশ নাগরিকদের জন্য ইরান ভ্রমণে সতর্কতা জারি করেছে।
বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দূতাবাস চালু করা হবে; ততদিন দূর থেকে কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া ব্রিটিশ নাগরিকদের আপাতত ইরানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা দিন দিন আরও সহিংস রূপ নিচ্ছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, ভয়াবহ মুদ্রা অবমূল্যায়ন ও লাগামহীন মূল্যস্ফীতি এ আন্দোলনের মূল কারণ। বর্তমানে এক ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মূল্য প্রায় ৯ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে।
গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই তা দেশের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে। সংঘর্ষে এখন পর্যন্ত বহু মানুষ নিহত ও হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।










