যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ

আন্তর্জাতিক | Siam Islam
আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের উড্ডয়নের জন্য সাময়িকভাবে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার ভোরে জারি করা সরকারি এভিয়েশন নোটিশে জানানো হয়, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা সীমিত থাকবে। তবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে। এ নিষেধাজ্ঞা ইরানে প্রবেশ ও ইরান ত্যাগকারী সব ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত রাখা হয়েছে বলে তিনি অবহিত হয়েছেন, তবে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ব্যবহারের নিন্দা জানিয়ে ইরানকে সংযম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। বিপরীতে ইরান দাবি করেছে, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে—যা পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে।
ইরান সরকার এখনো হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ না করলেও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।










