পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার ভোরে কোট মোমিন উপজেলার ঘালাপুর বাংলা খালের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, ট্রাকটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন, যারা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় টিএইচকিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। এ ছাড়া কয়েকজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, পুরো পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এর আগেও চলতি সপ্তাহে কুয়াশাজনিত কারণে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এলাকায় একটি ট্রেইলার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।