শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

মৃত্যু | Siam Islam
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেই তার প্রাণহানি ঘটে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সোহান বেপারী পাশের সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে এলাকার মানুষ ঘুম থেকে উঠে একটি রসুন ক্ষেতে সোহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, মরদেহে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










