বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন এলাকার একটি ডোবা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান।

নিহত দেলোয়ার উত্তর কড়াপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। পেশায় তিনি বাজারের ইজারাদার ও গরু ব্যবসায়ী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে বের হওয়ার পর ঘটনাস্থলের কাছে তার ব্যবহৃত সাইকেল ও গলার মাফলার পড়ে থাকতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

দলীয় নেতাদের দাবি, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পূর্বে তিনি মামলা-হামলার শিকার হয়েছিলেন। পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের কথাও জানা গেছে। পুলিশ জানিয়েছে, মাথায় কুপিয়ে হত্যার পর মরদেহ পানিতে ফেলে রাখা হয়। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।