মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজসংলগ্ন সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্তের ওপার দিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু হলে একটি গুলি শিশুটিকে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে বিক্ষোভ করেন এবং সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবির কাছ থেকে কঠোর পদক্ষেপ দাবি জানান।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এর প্রভাব সীমান্ত এলাকায় পড়ছে। এর আগে গত বৃহস্পতিবারও এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।