নরসিংদীতে ফোন করে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

মৃত্যু | Siam Islam
নরসিংদীর পলাশ উপজেলার এক ছাত্রদল কর্মীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের কর্মী ছিলেন। তিনি শেখেরচর বাজারে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতে ফোন করে জাহিদুলকে মাধবদীতে আসতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত জানা যাবে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। জানাজা ও দাফন শেষে নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে পুলিশ।










