আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, দলটি তাদের পররাষ্ট্রনীতিতে ভারত–সংক্রান্ত ইস্যুগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

এনডিটিভির মতে, বিএনপি ইশতেহারে সীমান্ত হত্যা, ভারত থেকে পুশ-ইন এবং অমীমাংসিত নদীর পানি বণ্টন—এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। দলটি জানিয়েছে, ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সমতা ও আত্মসম্মানের ভিত্তিতে। একই সঙ্গে স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে— ‘বন্ধুকে হ্যাঁ, প্রভুকে না’।

ইশতেহারে বিএনপি ঘোষণা করেছে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপও গ্রহণ করবে না। সীমান্তে হত্যা, পুশ-ইন ও চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিএনপি তিস্তা ও পদ্মাসহ অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনকে আরও শক্তিশালী করার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিশ্লেষকদের ধারণা—বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন এক ভারসাম্যপূর্ণ কৌশল নিতে চায়। ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিলেও বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো খোলা রাখতে আগ্রহী দলটি।

এ ছাড়া সার্ককে পুনরুজ্জীবিত করা এবং আসিয়ানের সদস্যপদ অর্জনের প্রচেষ্টার কথাও ইশতেহারে উল্লেখ করেছে বিএনপি, যা বাংলাদেশের কূটনৈতিক পরিসর বাড়াবে এবং একক দেশের ওপর নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।