বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও এখন নতুন করে কিছু দায়িত্বজ্ঞানহীন ও অপরিপক্ব শক্তির হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে। শনিবার রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, কিছু তরুণ নেতা হঠাৎ ক্ষমতাবান হয়ে দায়িত্বহীন বক্তব্য দিচ্ছে এবং অহেতুক বিতর্ক তৈরি করছে। নিজের নাম টেনে আনা প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, রাজনীতি করতে হলে আগে মূল্যবোধ ও শালীনতা শিখতে হবে।

ঢাকা–৮ আসনের পরিস্থিতি তুলে ধরে মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী এমন কর্মকাণ্ডে লিপ্ত যা সারাদেশের নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবু বিএনপি ধৈর্য ধরে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চায় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এই নির্বাচন কোনো দানের ফল নয়; দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও আন্দোলনের ফসল। শেখ হাসিনার পতনের পরও বিএনপির নেতারা ব্যক্তিগত কোনো সুবিধা পাননি বলেও মন্তব্য করেন তিনি।

একটি দলের বিপুলসংখ্যক বোরকা অর্ডার দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য আছে বলে অভিযোগ করে মির্জা আব্বাস সতর্ক করেন, ভোটের ফল প্রকাশে অযৌক্তিক বিলম্ব হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না।