ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আট বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের অনুমোদন দেওয়া হয়, যা স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুর এ আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি কার্যকর রাখতে ভোটগ্রহণের আগের সময়সহ ভোটের পর আরও দুই দিন পর্যন্ত এসব বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১০(৫) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়।

বিভাগভিত্তিক পদায়নের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনা ও রাজশাহীতে ৪ জন করে, বরিশাল ও রংপুরে ৩ জন করে, সিলেটে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা এলাকার প্রয়োজন অনুযায়ী ম্যাজিস্ট্রেটদের পদায়ন করবেন। দায়িত্ব গ্রহণের পর তাদের জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কাছে যোগদান করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনার প্রতিটি কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসনকে অবহিত রাখা এবং প্রতিদিন নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন পাঠানো বাধ্যতামূলক থাকবে।