শীতের সবজিতে বাজার এখন পরিপূর্ণ হলেও দাম এখনো পুরোপুরি সহনীয় হয়নি। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ধানমন্ডি রায়েরবাজার ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ঘুরে দেখা গেছে—বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। দেশি টমেটো বাজারে এলেও দাম বেশ চড়া; বড় টমেটো ১৬০–১৮০ টাকা এবং ছোট টমেটো ১২০–১৪০ টাকা কেজি। পেঁয়াজও বিক্রি হচ্ছে ১১০–১২০ টাকায়।

বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। শীতকালীন মৌসুমি সবজি বাজারে বাড়ায় দাম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

বর্তমান বাজারদর

ফুলকপি ৫০–৬০ টাকা প্রতিটি বাঁধাকপি ৪০–৫০ টাকা বেগুন ৭০–৮০ টাকা করলা ৮০–৯০ টাকা ঢেঁড়শ ৬০ টাকা
বরবটি ৮০ টাকা মুলা ৫০ টাকা লতি ৮০ টাকা ধুন্দুল ৫০–৬০ টাকা পটোল ৬০ টাকা পেঁপে ২০–৩০ টাকা
গাজর ৮০ টাকা কচুরমুখী ৬০ টাকা শিম ১০০–১২০ টাকা শালগম ৭০–৮০ টাকা শসা ৬০ টাকা কাঁচামরিচ ১৬০–১৮০ টাকা




শাকসবজির বাজারেও কিছুটা স্বস্তি এসেছে। লালশাক, মুলাশাক, ডাঁটাশাক, কলমি ও পালংশাকের আঁটি ১০–১৫ টাকায় মিলছে। লাউ ৫০–৬০ টাকা, লেবু ডজন ৬০ টাকা, আলু ২০–২৫ টাকা কেজি এবং ধনেপাতা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, পাইকারিতে দাম বেশি থাকায় খুচরা বাজারেও দাম কমছে না। ক্রেতারা বলছেন, শীতের সবজি এলেও নিম্নআয়ের মানুষের স্বস্তির জায়গা এখনো তৈরি হয়নি; দাম আরও কমার প্রয়োজন রয়েছে।