কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ব্যবসা | অফিস ডেস্ক
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন।
এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক আনিসুর রহমান মোড়ল পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সেদিন আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য পরদিন দিন ধার্য করেন। বুধবার শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, রিপন মিয়া জিজ্ঞাসাবাদের সময় ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য দেন এবং তদন্ত এড়ানোর চেষ্টা করেন। তার বিরুদ্ধে মামলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, কিউকম ডটকম চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মোটরসাইকেল ও অন্যান্য পণ্যের লোভনীয় অফার দেয়। ২০২১ সালের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে বাদীসহ ৩৪ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানটিতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার অগ্রিম পরিশোধ করেন।
চুক্তি অনুযায়ী ৭ থেকে ৩৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা আজও করা হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে আসামিরা ভুক্তভোগীদের হয়রানি করে আসছিলেন। অবশেষে ভুক্তভোগী সুজন মিয়া ২ আগস্ট বাড্ডা থানায় মামলা দায়ের করেন।










