টানা ভারী বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যা দেশটিকে গুরুতর মানবিক ও অবকাঠামোগত সংকটে ফেলেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় এটিকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিম্পোপো, এমপুমালাঙ্গা, কওয়াজুলু-নাতাল, ইস্টার্ন কেপ ও নর্থ ওয়েস্ট প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে লিম্পোপো প্রদেশে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,৩০০টি বাড়িঘর। পাশাপাশি সড়ক যোগাযোগ ও সরকারি স্থাপনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার প্রভাবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ক্রুগার ন্যাশনাল পার্ক।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ইতোমধ্যে এমপুমালাঙ্গা প্রদেশে গেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ভেলেনকোসিনি হ্লাবিসা। তিনি ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বন্যা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরকার, উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় কমিউনিটি সমন্বিতভাবে কাজ করছে, যাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষয়ক্ষতি মোকাবিলা করা সম্ভব হয়।