পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তেঁতুলিয়াসহ পুরো জেলায় শীত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ওঠানামার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) তা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে—যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

সকালে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ, ফলে শীত আরও তীব্র মনে হয়েছে। সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশায় উপজেলা ঢেকে থাকায় রাস্তায় দৃশ্যমানতা কমে যায়। তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে বাধ্য হয়।

এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই ১৩ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকলেও ভোরের ঠান্ডা বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।

অটোচালক ফারুক জানান, ভোরে রাস্তায় নামলে প্রচণ্ড ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে, কুয়াশায় কিছু দেখা যায় না। যাত্রীও কমে গেছে, ফলে আয়ে প্রভাব পড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, প্রতিদিনই শীত বাড়ছে। তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে নেমে আজ ১১ দশমিক ৭ ডিগ্রিতে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি সামনে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।a