ঘন কুয়াশা: ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট

আবহাওয়া | Siam Islam
ঘন কুয়াশায় রোববার সকালে রাজধানীর আকাশপথ কার্যত অচল হয়ে পড়ে। দৃশ্যমানতা নেমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা প্রায় চার ঘণ্টা কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি। এতে আটটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠাতে হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার পর কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে উড্ডয়ন ও অবতরণ—দুটিই সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। নির্ধারিত সময়ে নামতে না পেরে ঢাকার আকাশে ঘোরাফেরা করা বেশ কয়েকটি ফ্লাইট পরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে ছয়টি সিলেট, একটি কলকাতা এবং একটি হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়নি; তবে পর্যাপ্ত ভিজিবিলিটি না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৯টা ৫২ মিনিটের দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দিনের প্রথমভাগে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।










