চট্টগ্রাম বন্দরে ৩৯ টন নিষিদ্ধ ঘনচিনি আটক

ব্যবসা | নুসরাত জাহান
চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) জব্দ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম খালাসের শেষ পর্যায়ে গিয়ে এই চালান আটক করে।
সোমবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বংশাল এলাকার ‘এস পি ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান চীনের গুয়াংজু থেকে Polyaluminium Chloride ঘোষণায় তিনটি কনটেইনারে মোট ৬৩ টন পণ্য আমদানি করে। চালানের বিল অব এন্ট্রি দাখিল করা হয় গত ৭ অক্টোবর। আমদানিকারকের পক্ষে কাজ করছিল ‘সি বার্ড কর্পোরেশন’ নামের একটি সি-এন্ড-এফ প্রতিষ্ঠান।
পণ্য খালাসের সময় সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ তা স্থগিত করে। পরে ২৮ অক্টোবর কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষিত রাসায়নিকের সঙ্গে অন্য একটি পদার্থও রয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণে নিশ্চিত হয় ২৪ টন Polyaluminium Chloride-এর পাশাপাশি বাকি ৩৯ টন পণ্য আসলে আমদানি নিষিদ্ধ ঘনচিনি।
উল্লেখ্য, ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির তুলনায় প্রায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। এটি অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন মিষ্টান্ন, পানীয়, চকোলেট, আইসক্রিম ও শিশু খাদ্যে ব্যবহার করে থাকে। চিকিৎসাবিজ্ঞানীরা জানিয়েছেন, এই উপাদান শরীরে ক্যান্সার, কিডনি ও লিভারের জটিল রোগের ঝুঁকি বাড়ায়।
এ কারণেই সরকার আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী সোডিয়াম সাইক্লামেটকে আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে বলে জানায় এনবিআর।










