সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু’দফা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১১ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। এরপর ২টা ২৫ মিনিটে আবারো ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে; এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার—তথ্য ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির।

এ সময় অঞ্চলজুড়ে আরও কয়েকটি ভূকম্পন রেকর্ড হয়। রাত ৩টা ৩৮ মিনিটে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প এবং রাত ২টা ৫৪ মিনিটে মিয়ানমারে ৩.৭ মাত্রার কম্পন অনুভূত হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতেও দেশে ধারাবাহিকভাবে ভূমিকম্প হয়েছে। ৪ ডিসেম্বর ভোরে ঢাকায় ৪.১ মাত্রার কম্পন এবং তার আগে ১ ডিসেম্বর কক্সবাজার–চট্টগ্রাম অঞ্চলে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আরও আগে ২১ নভেম্বর নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে তিন জেলায় ১০ জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হন।