সিঙ্গাপুর থেকে ভারতের চাল কিনছে সরকার

ব্যবসা | Siam Islam
বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, চালের দাম যাতে আর না বাড়ে, সেজন্য সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল আনা হবে। মান, সময়মতো সরবরাহ ও প্রতিযোগিতামূলক দাম বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যেই সংশোধিত বাজেট তৈরি করার লক্ষ্য রয়েছে। গণভোট ও ত্রয়োদশ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ব্যয় বাড়বে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন–সংশ্লিষ্ট বাজেট এখনো খোলা রাখা হয়েছে এবং জানুয়ারির আগেই নতুন সরকারের জন্য বাজেট প্রস্তুত থাকবে।
একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বলেন, এতে লজিস্টিক জটিলতা কম হবে এবং একদিনেই ভোট পরিচালনা সহজতর হবে—যা বিশ্বের অনেক দেশে প্রচলিত।
বৈঠকে সার, পরিশোধিত তেল ক্রয় এবং তিনটি সড়ক নির্মাণের সিদ্ধান্তও অনুমোদন পায়।










