২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে দিতে হবে 'ভিসা বন্ড'

উদ্যোক্তা | Siam Islam
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ব্যবসা বা ভ্রমণ ভিসা নিতে নতুন শর্ত চালু হচ্ছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে যেসব বাংলাদেশি নাগরিক বি–১/বি–২ (ব্যবসা ও পর্যটন) ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের ‘ভিসা বন্ড’ হিসেবে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার জমা দিতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিয়ম ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে এর আগে ইস্যু করা বৈধ বি–১/বি–২ ভিসাধারীদের ক্ষেত্রে এই বন্ড জমার শর্ত প্রযোজ্য হবে না।
এছাড়া দূতাবাস স্পষ্ট করেছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম অর্থ প্রদান করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেন প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। সাক্ষাৎকারের আগে দেওয়া কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত সঠিকভাবে পালন করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।








