বাংলাদেশি পণ্যের সম্ভাবনা বাড়াতে কুয়েত সফরে ব্যবসায়ী দল

উদ্যোক্তা | Siam Islam
খুব শিগগিরই একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল কুয়েত সফরে যাচ্ছে। কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে প্রতিনিধিদল কুয়েত চেম্বারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন।
এ উপলক্ষে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ১৭ সেপ্টেম্বর বিকেলে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিতব্য এই সভায় কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা সরাসরি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রবাসী ব্যবসায়ীদেরকে তাদের নাম, সিভিল আইডি নম্বর এবং প্রতিষ্ঠানের নামসহ hoc.kuwait@mofa.gov.bd ঠিকানায় ইমেইলের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের সফর বাংলাদেশের পাশাপাশি কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত গর্বের বিষয়। এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অনেক সম্ভাবনাময় এবং স্বনামধন্য প্রতিষ্ঠান আছে। তারা যদি কুয়েত চেম্বার অব কমার্সের সঙ্গে সমন্বয় করে স্থানীয়ভাবে পণ্যের প্রদর্শনী আয়োজন করতে পারে, তাহলে কুয়েতি ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং বাংলাদেশি পণ্যের প্রতি তাদের আগ্রহ বাড়বে।
মঈন উদ্দিন সুমন আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।








