৩৩ বছর পর আজ হচ্ছে নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর

উদ্যোক্তা | Siam Islam
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। এ বিষয়ে করা মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করায় অনুষ্ঠানে এখন আর কোনো আইনি বাধা নেই। আদালত শুধু প্রশাসনকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছে।
এই উদ্যোগকে ঘিরে রাজ্যের রাজনীতিতে চাপে ওঠে। গভর্নর সি ভি আনন্দ বোস তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলেও হুমায়ুন জানান—শনিবার দুপুরে তিনি শান্তিপূর্ণভাবেই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার দাবি, ধর্মপ্রাণ মুসলমানদের অর্থায়নে তিন বছরের মধ্যে মসজিদটি নির্মিত হবে।
অনুষ্ঠান ঘিরে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হুমায়ুনের নিজস্ব দুই হাজার স্বেচ্ছাসেবীও নিরাপত্তায় অংশ নেবেন। মরাদিঘি এলাকার প্রায় ২৫ বিঘা জায়গাজুড়ে আয়োজনটি করা হচ্ছে, যেখানে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। মঞ্চ নির্মাণ, খাবার পরিবেশনসহ পুরো ব্যয় ধরা হয়েছে ৬০–৭০ লাখ টাকা। শুধু অতিথিদের জন্যই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে ৪০ হাজার জনের।
বিজেপির মতে, এটি রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হুমায়ুন সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতি ব্যবহার করছেন। সংবাদ সম্মেলনে হুমায়ুন জানান, তিনি ১৭ ডিসেম্বর বিধায়ক পদ ছাড়বেন এবং ২২ ডিসেম্বর নতুন একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন।








