জুলাই আন্দোলনে গুলশান থানায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। এই মামলার রিমান্ড শুনানির জন্য আজ, বুধবার (৩ সেপ্টেম্বর), ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দিন ধার্য করা হয়েছে।


এর আগে, গত ২০ আগস্ট আদালত সিদ্দিককে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর গত ২৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম, ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত সেই আবেদনের শুনানি আজ করার সিদ্ধান্ত নেন।


উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমানকে এর আগে গত ২৯ এপ্রিল বেইলি রোডে একদল যুবক মারধর করে রমনা থানায় সোপর্দ করেছিল। এরপর গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।


মামলার বিবরণ অনুসারে, গত ১৯ জুলাই ২০২৪, জুলাই অভ্যুত্থান চলাকালে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী তার বন্ধুদের সাথে গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে যোগ দেন। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।