গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ডাম্পট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার পর গাজীপুরের দক্ষিণখান আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।


নিহতরা হলেন—ঢাকার উত্তরা কামাড়পাড়া পশ্চিম থানা এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা পূর্বপাড়া গ্রামের কুরমান আলীর ছেলে ট্রাকচালক উজ্জ্বল হোসেন (৩৭)।


স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেটের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ডাম্পট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী প্রাণ হারান। দুর্ঘটনার সময় ট্রাকটি মাটি বহন করছিল।