নুরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন জামায়াতের সেক্রেটারি

জাতীয় সংবাদ | মোঃ সিয়াম ইসলাম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হামলায় নুরুল হক নুর গুরুতরভাবে আহত হন।
হাসপাতালে নুরকে দেখতে গিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি, তিনি তা দ্রুত বাস্তবায়ন করবেন।
তিনি আরও দাবি জানান, ২৯ আগস্টের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেন দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়।
তার ভাষায়, “চিকিৎসা কিংবা বিচারের ক্ষেত্রে কোনো ধরনের দেরি গ্রহণযোগ্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তাঁর দেওয়া প্রতিশ্রুতি শিগগির বাস্তবে রূপ দেবেন এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”










