নির্বাচন বানচালে ‘অদৃশ্য শক্তি’ ষড়যন্ত্র করছে: গয়েশ্বর

জাতীয় সংবাদ | মহিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচন বানচালের জন্য অদৃশ্য শক্তি নানাভাবে চক্রান্ত করছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মানিকনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে কঠোরভাবে প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার উদ্যোগ নেবে।
সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “গত ১৭ বছরে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে খাল কেটে কুমির নয়, বরং স্বচ্ছ পানির প্রবাহ আনবে।”










