তারাগঞ্জে কমলা চাষ করে স্বাবলম্বী কৃষক আলেপ উদ্দিন

উদ্যোক্তা | Siam Islam
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের আলেপ উদ্দিন কমলা চাষ করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য। তার ৩০ শতাংশ জমিজুড়ে থাকা বাগানের প্রতিটি গাছে ঝুলছে থোকা থোকা সবুজ ও হলুদ কমলা—দেখে চোখ জুড়িয়ে যায় সবার।
২০২১ সালে উপজেলা কৃষি অফিসের সহায়তায় ‘লেবু জাতীয় ফসল সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় তিনি ৯০টি চাইনিজ জাতের কমলার চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি ১০ ফুট উঁচু গাছে ৩০–৪০টি করে কমলা ধরে। নিয়মিত পরিচর্যায় বাগান এখন ফলভারে নুয়ে পড়েছে।
প্রথম বছরে ২০ হাজার টাকার কমলা বিক্রি করে শুরু হলেও ২০২৪ সালে বিক্রি বেড়ে দাঁড়ায় ২ লাখ টাকার বেশি। এবার তিনি আড়াই থেকে তিন লাখ টাকার কমলা বিক্রির আশায় আছেন। এরই মধ্যে সবুজ অবস্থায় প্রায় ৩০ হাজার টাকার কমলা বিক্রি করেছেন তিনি।
আলেপ উদ্দিন জানান, ছোট আকারের কমলার চাহিদা বেশি। তাই এ বছর তিনি আরও ২০০টি চারা রোপণ করেছেন উপজেলা কৃষি অফিসের সহায়তায়।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, তারাগঞ্জে বর্তমানে ১ হেক্টর জমিতে ৩০টি কমলার বাগান, ৩৫ হেক্টর জমিতে মাল্টা এবং ৭ হেক্টর জমিতে লেবুর বাগান রয়েছে—যেগুলোর সবগুলোতেই কৃষি দপ্তরের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।








